মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:-
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জামিরতলীতে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ, দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুনির উদ্দিন আহমদ, চেয়ারম্যান, আল কোরআন একাডেমি, লন্ডন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ এবং অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ-সুপার নুর মোহাম্মদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিরতলী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ খালেদ সাইফুল্লাহ, চর চামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের ইসলামী বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ শিহাব উদ্দিন, জিল্লুর রহিম কলেজের সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তারিকুল ইসলাম (সহঃ মৌলভী), সিরাজুল ইসলাম (সহঃ মৌলভী), জাহানারা আরজু (সহঃ শিক্ষক), হুমায়ুন কবির (সহঃ শিক্ষক গণিত), মোঃ আসাদুজ্জামান মীর (সহঃ শিক্ষক,কৃষি), আতিকুর রহমান (সহঃ শিক্ষক ইংরেজি), তামান্না তাসমিন (সহঃ শিক্ষক বাংলা), উম্মেহানী নাসরিন (ইবতেদায়ী প্রধান), জোলেখা আক্তার (ইবতেদায়ী মৌলভী), আলাল মিয়া (ইবতেদায়ী শিক্ষক ইংরেজি) সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মুনীর উদ্দিন আহমদ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে তিনি আল কোরআন একাডেমি, লন্ডনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মিণী, বিশিষ্ট লেখিকা ও একাধিক গ্রন্থের প্রণেতা খাদিজা আক্তার রেজায়ী অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
মাদ্রাসাটিতে নিয়মিত মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি জানান, এ বছর প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তাদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
বক্তারা জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসাকে একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন এবং এর সার্বিক উন্নয়নের প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ খালেদ সাইফুল্লাহ।