মোঃ নাজমুল হুদা, লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাসায় কাজে যেতে না পারায় এক গৃহকর্মীর বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে গৃহকর্তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ গড্ডিমারী গ্রামের অসহায় ও প্রতিবন্ধী সোহরাফ আলীর স্ত্রী নাজমা বেগম (৫৫) দীর্ঘদিন ধরে স্থানীয় আলিমুদ্দিন কলেজের সাবেক প্রভাষক আব্দুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। ছয় সদস্যের পরিবারের জীবিকা নির্বাহের জন্য বৃদ্ধ বয়সেও তাঁকে কাজ করতে হতো। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে গত এক সপ্তাহ ধরে তিনি কাজে যেতে পারেননি।
এ অবস্থায় বৃহস্পতিবার বিকেলে গৃহকর্তার ছেলে নাদিম (২৫) লোকজন নিয়ে নাজমা বেগমের বাড়িতে যান। কাজে না যাওয়ার বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের জমিতে থাকা নাজমা বেগমের বসতঘর ভেঙে উচ্ছেদের উদ্দেশ্যে ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘরটি রক্ষার চেষ্টা করেন।
ঘটনার পর এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, বয়সের ভার ও শারীরিক অসুস্থতার কারণে নাজমা বেগম বর্তমানে কাজ করার সক্ষমতা হারিয়েছেন। অসুস্থতার কারণে এক সপ্তাহ কাজে যেতে না পারায় তাঁর বসতঘর ভাঙচুরের মতো ঘটনা কেন ঘটবে—এমন প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অসহায় ও দরিদ্র হওয়ার কারণে যেন কাউকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।