ইসরাত জাহান তমা, বিশেষ প্রতিনিধি:-
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফআর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের ২৬ তলা ভবনে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটে ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায়নি। একইভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
অগ্নিকাণ্ডের পর ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ও পরবর্তী তথ্যের মাধ্যমে জানা যাবে।