মোঃ নোমান সাদি, সদর উপজেলা রিপোর্টার,নোয়াখালীঃ-
নোয়াখালী কেরামতিয়া কামিল মাদরাসায় আলিম প্রথম বর্ষ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘নতুন ছবক’, নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হারুন আল-মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও নোয়াখালী কেরামতিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নাজমুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সূচনা উপলক্ষে ‘নতুন ছবক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ হারুন আল-মাদানী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি নাজমুল ইসলাম শামীম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের দক্ষতা, জ্ঞান ও যোগ্যতা অর্জনের পাশাপাশি সময়ের সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।