মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের বিজ্ঞান শাখার রোল নম্বর ১ থেকে ৪০ পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি নোয়াখালী সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ মহোদয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও শিক্ষাসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. ছানা উল্যা, বিজ্ঞান শাখার কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম, বিজ্ঞান শাখার কাউন্সিলর মোহাম্মদ ইউনেছুর রহমান ও আবদুল মতিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা অধ্যক্ষের কাছে তুলে ধরেন। অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং তাঁদের উত্থাপিত অসুবিধাগুলো সমাধানের আশ্বাস দেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ভালো ফলাফল অর্জনের জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালানোর পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সাফল্য অর্জনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা শিক্ষার পরিবেশ উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।