কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
ইলিশ সম্পদ রক্ষায় লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১টি নৌকা থেকে অবৈধভাবে মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের প্রত্যেককে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাতাব্বর হাট থেকে মতিরহাট পর্যন্ত মেঘনা নদীর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হুসাইন।
অভিযান সূত্রে জানা যায়, এ সময় মোট ২ লাখ ৪০ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সাতজনকে আট দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিশের প্রজনন ও সম্পদ সংরক্ষণ এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।