মোঃ রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
যশোরের শার্শা উপজেলায় পুলিশের অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা প্রায় ১৮০ ভরির সমান। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় প্রাইম ব্রিকস ইটভাটাসংলগ্ন নাভারণ-সাতক্ষীরা প্রধান সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নির্দেশনায় এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ও উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় মোটরসাইকেলসহ আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তাঁর দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা থানার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। পালিয়ে যাওয়া অপর দুই সহযোগীর পরিচয় শনাক্ত করে তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।