মোঃ রায়হান,বিশেষ প্রতিনিধি, সৌদি আরবঃ-
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরব থেকে জরুরি নয়—এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস ও সংশ্লিষ্ট কনস্যুলেটগুলোর অপ্রয়োজনীয় কর্মীদের জন্য এ নির্দেশ জারি করে। দেশটিতে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার কারণে প্রাণহানি ও যাতায়াতে বিঘ্ন ঘটায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবে হামলা জোরদার করেছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাই সর্বোচ্চ অগ্রাধিকার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত ও আটজন আহত হয়েছেন। একই দিনে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, সৌদি আরবে মার্কিন দূতাবাস সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। দেশটিতে চলমান হামলার কারণে বিমান চলাচল ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, সৌদি আরবে জরুরি নয়—এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশটি আপাতত সৌদি আরবের জন্যই প্রযোজ্য।
সূত্র: রয়টার্স, এপি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।