
মোঃ ইউছুফ, স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর)ঃ-
মানবতার সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এইচডিএস (HDS)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজযোগে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে অসহায় শিশুদের জন্য ফ্রি খৎনা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই কার্যক্রমে প্রাথমিকভাবে প্রায় ১,০০০ রোহিঙ্গা শিশুকে বিনামূল্যে খৎনা করার লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে ব্যাপক সাড়া ও প্রয়োজনীয়তার কারণে নির্ধারিত সংখ্যার চেয়েও বেশি শিশুকে এই সেবার আওতায় আনা হয়। ফলে নির্ধারিত সময়ের তুলনায় অতিরিক্ত সময় ব্যয় করতে হয় টিমকে।
এই মানবিক কার্যক্রমের টিম লিডার ছিলেন ডিপ্লোমা ডাক্তার মোহাম্মদ তারেক। তাঁর দক্ষ নেতৃত্ব ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ জন শিশুর খৎনা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ পদ্ধতিতে সম্পন্ন করা হয়, যা পুরো কার্যক্রমকে আরও সফল ও কার্যকর করে তোলে।
খৎনা কার্যক্রমের পাশাপাশি শিশুদের মাঝে টুপি, লুঙ্গি ও গেঞ্জি বিনামূল্যে বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠা নির্মল হাসি স্বেচ্ছাসেবীদের কাজের প্রেরণাকে আরও বেগবান করে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ফ্রি খৎনা ও সহায়তা কার্যক্রমে চট্টগ্রাম এইচডিএস, লক্ষ্মীপুর জেলার মোঃ ইউসুফ এবং দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ ডাক্তারবৃন্দের সম্মিলিত অংশগ্রহণ এই উদ্যোগকে আরও সফল ও প্রশংসনীয় করে তুলেছে।
লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, যশোর, পটুয়াখালী, কিশোরগঞ্জ, নাটোর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকাসহ দেশের মোট ২০টি জেলা থেকে স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী দলের সদস্যরা জানান, এটি শুধু চিকিৎসাসেবা নয়—এটি মানবতার প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া একটি আন্তরিক উদ্যোগ। অসহায় রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়াতে পেরে তারা গর্ববোধ করেন এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, ভবিষ্যতেও যেন এ ধরনের কল্যাণমূলক কাজে অংশগ্রহণের সুযোগ পান।
এদিকে, ভাসানচরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যও টিমের সদস্যদের মুগ্ধ করেছে। তাদের ভাষায়, এ দ্বীপের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে তা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা কঠিন।
উল্লেখ্য, এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।