
মোঃ নাজমুল হুদা,হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরে নবনির্মিত সিঙ্গীমারী ইউনিয়ন ভূমি অফিস ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে এ উপলক্ষে নবনির্মিত ভবন প্রাঙ্গণে ঠিকাদার প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আলহাজ হাসান রাজীব প্রধান। তিনি ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আফজাল হোসেন এবং জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জালালউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, ঠিকাদার সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে ৮৬ লাখ ৫০ হাজার ৭৪৭ টাকা ৫০ পয়সা ব্যয়ে একতলা বিশিষ্ট ইউনিয়ন ভূমি অফিস ভবনটি নির্মাণ করা হয়েছে। তবে ভবনটির প্রায় ১০ শতাংশ নির্মাণকাজ এখনো বাকি রয়েছে। অসম্পূর্ণ অবস্থাতেই শনিবার আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান, অবশিষ্ট নির্মাণকাজ পরবর্তীতে সম্পন্ন করা হবে।