
মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:-
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে এক আবেগঘন নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দকে পরীক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানো হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণের শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ ও অরফান্স শেল্টার ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান নাজমুস সা’দাত আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সাইয়্যেদ আবদুছ ছালাম, নির্বাহী সদস্য, শাহ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ ও সভাপতি, মুসলিম উম্মাহ বাংলাদেশ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাবেক অধ্যক্ষ, জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ নাছির উদ্দিন আল কামাল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশের সেক্রেটারি ও আরবি বিভাগের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আবদুল ওদুদ পাটোয়ারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ কফিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়েজ আহমেদ (আরবি), সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশীদ (জিল্লুর রহিম কলেজ), প্রভাষক মোঃ নজরুল ইসলাম (বাংলা), প্রভাষক মোহাম্মদ ফরহাদ (আরবি) এবং প্রভাষক মোহাম্মদ মাসউদুর রহমান (আরবি)।
সহকারী অধ্যাপক এ.এইচ.এম হেলালুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ফকরুল ইসলাম, বিএসসি আবদুস সাত্তার, বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র শিক্ষক (আইসিটি) মোহাম্মদ কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) মোহাম্মদ জহিরুল ইসলাম, আরবি শিক্ষক মাওলানা মোঃ মাকছুদুর রহমান, গণিত শিক্ষক কাজী আবদুল মান্নান, সহকারী মৌলভী নাজমুস সাকিব এবং মোঃ আবদুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মরিয়ম বেগম (বাংলা), শাহিন আক্তার (কৃষি), মিহিরা আফরোজ (সমাজ) এবং সহকারী শিক্ষক সানজিদা আক্তার সুচী (ইংরেজি)সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“নিষ্ঠা, অধ্যবসায় ও আল্লাহর উপর ভরসা রেখে পড়াশোনা করলে সফলতা অনিবার্য। তোমাদের ফলাফলের মাধ্যমে এই মাদ্রাসার সুনাম দেশ-বিদেশে আরও ছড়িয়ে পড়বে।”
বিশেষ অতিথি বলেন,
“জ্ঞান অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এমনকি ছোট একটি কাগজের টুকরো থেকেও শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে।”
অনুষ্ঠানে পরীক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া কামনা করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন,
“জামিরতলী আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান—মদিনা বিশ্ববিদ্যালয় ও মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে সুনাম অর্জন করেছে। বর্তমান শিক্ষার্থীরাও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দিকনির্দেশনামূলক বক্তব্য, নসিহত ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
পরিশেষে সাবেক অধ্যক্ষ মোঃ খালেদ সাইফুল্লাহর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং পরে তবররুক বিতরণ করা হয়।