মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামের হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মিলাদ-কিয়াম, কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের আলেম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মো. শাহজাহান, ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হান্নান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নুরুল হক, হাটহাজারী উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হকসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা।
বার্ষিক সভার প্রথম অধিবেশনে মাদরাসার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদীন ও কলামিস্ট হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মা.জি.আ.)।
এর আগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় আলোচনা ও মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয়। আলোচনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মানবিক আদর্শ, শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মাদরাসার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।