মেছবাউল হাবিব শ্রাবন, স্টাফ রিপোর্টারঃ-
মেটলাইফ বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ভিসার যৌথ উদ্যোগে মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যান (MHSP) পলিসিধারীদের জন্য ‘হেলথ কার্ড’ উন্মোচন করা হয়েছে। নতুন এ কার্ডের মাধ্যমে পলিসিধারীদের স্বাস্থ্যসেবা ব্যয় ব্যবস্থাপনায় আরও সহজ, সুবিধাজনক ও ক্যাশলেস অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইবিএলের তথ্য অনুযায়ী, ‘EBL MetLife Visa Health Card’ বিশেষভাবে মেটলাইফ হেলথ সেভিংস প্ল্যানের পলিসিধারীদের জন্য তৈরি করা হয়েছে। কার্ডটি ব্যবহার করে যোগ্য স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে ক্যাশলেস পেমেন্টের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি অংশীদার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ ছাড়ের সুবিধাও থাকবে।
মেটলাইফের অফিসিয়াল তথ্য বলছে, হেলথ সেভিংস প্ল্যানের আওতায় পলিসিধারীরা তাদের স্বাস্থ্য-সংক্রান্ত প্রয়োজন মেটাতে হেলথ কার্ড ব্যবহার করতে পারবেন। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ব্যয় পরিশোধে এ কার্ড ব্যবহার করা যাবে। কার্ডের মাধ্যমে নগদ উত্তোলনের সুযোগ নেই; ফলে সঞ্চিত অর্থ স্বাস্থ্যসেবা ব্যয়ের জন্যই সংরক্ষিত থাকবে।
মেটলাইফ জানিয়েছে, হেলথ সেভিংস প্ল্যানের সক্রিয় সব পলিসিধারী হেলথ কার্ড পাওয়ার জন্য যোগ্য। কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যয় ব্যবস্থাপনাকে আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি গ্রাহকদের জন্য ক্যাশলেস স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মেটলাইফ, ইবিএল ও ভিসার এ যৌথ উদ্যোগ দেশে স্বাস্থ্যসেবা ব্যয় ব্যবস্থাপনায় ডিজিটাল ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।