মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলিমুদ্দিন কলেজের শিক্ষক পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের শিক্ষক পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ভোট গণনা করা হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদসহ মোট পাঁচটি পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মাজেদুল ইসলাম ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সাজ্জাদুল পারভেজ প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে সাজ্জাদুল পারভেজ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদুল ইসলাম পান ৩০ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবু বক্কর সিদ্দিক ও ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আবু বক্কর সিদ্দিক ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম পান ৩৭ ভোট।
অর্থ সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইতিহাস বিভাগের প্রভাষক মিজানুর রহমান পান ২৯ ভোট।
কার্যনির্বাহী সদস্যের দুটি পদে গণিত বিভাগের প্রভাষক এইচ এম হাসিব নেওয়াজ, প্রভাষক শ্যামল চন্দ্র রায় এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল হক খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে হাসিব নেওয়াজ ৬৯ ভোট এবং রেজাউল হক খন্দকার ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে মোট ১০৭ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের মধ্যে রিটার্নিং অফিসার হিসেবে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আনিছার রহমান এবং প্রিসাইডিং অফিসার হিসেবে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আবুল হাসান চৌধুরী ও প্রণব কুমার রায় দায়িত্ব পালন করেন।
কলেজের অধ্যক্ষ ও নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।