মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে বিভিন্ন শ্রেণির উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হচ্ছে।
মাদ্রাসার শ্রেণিভিত্তিক এসব সাপ্তাহিক জলসায় পবিত্র কোরআন-হাদিসের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, সাহাবায়ে কেরামের জীবনাদর্শ, আখলাক-চরিত্র গঠন, নামাজ, তাকওয়া, নেক আমল ও ইসলামী জীবনব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এতে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। শিক্ষক ও আলেমদের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, আদব-কায়দা ও উত্তম চরিত্র গঠনের প্রতি উৎসাহিত করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত এমন ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা, মূল্যবোধ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর, ঢাকায় অবস্থিত। প্রতিষ্ঠানটি দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।