মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত পাঁচজন নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন— উপজেলার ফকিরপাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২৪), দক্ষিণ গড্ডিমারী গ্রামের মতিজল হকের ছেলে শাফিউল ইসলাম (২১), নিজ গড্ডিমারী গ্রামের এরশাদুল হকের ছেলে সিয়াম (১৮), হলদীবাড়ী গ্রামের নাজির হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (২২) এবং উত্তর সিংদুর্না গ্রামের আব্দুল আজিজের মেয়ে মনোয়ারা বেগম (৫৫)।
তারা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল ইসলাম জানান, উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্ত রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল ও উন্নতির দিকে রয়েছে।