আলহাজ্ব হযরত মাও মুফতি মোঃ জাহাঙ্গীর আলম , ইসলামিক লেখক ও গবেষকঃ-
আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ময়মনসিংহে মাত্র ১ বছর ১১ মাসে পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্ন করেছে মোঃ আবু সুফিয়ান। একই সঙ্গে আরও পাঁচ শিক্ষার্থীকে হিফজুল কোরআনের সবক প্রদান করা হয়েছে।
৬ অক্টোবর ময়মনসিংহ সিটি করপোরেশনের নেত্রকোনা রোডের শম্ভুগঞ্জ গোলচক্করে অবস্থিত দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপলক্ষে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মোঃ আবু সুফিয়ান মাদ্রাসার প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে পড়াশোনা করে আসছে। নূরানী বিভাগ থেকে তার শিক্ষাজীবনের সূচনা। এরপর নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে হিফজুল কোরআনের শিক্ষা গ্রহণ করে। মাত্র ১ বছর ১১ মাসের মধ্যে পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্ন করে সে মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মাঝে আনন্দের উপলক্ষ তৈরি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা আলহাজ্ব মুফতি মোঃ জাহাঙ্গীর আলম। তিনি দেশের জনপ্রিয় দৈনিক সংবাদ উন্মোচন পত্রিকার ইসলামিক লেখক ও গবেষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে আবু সুফিয়ানের হিফজ সম্পন্ন হওয়া এবং আরও পাঁচ শিক্ষার্থীকে হিফজুল কোরআনের সবক প্রদানের ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার জন্য দোয়া করা হয়।
দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে আবু সুফিয়ানসহ হিফজুল কোরআনের সবকপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে। তাদের জীবনে মহান আল্লাহ তায়ালা আরও বরকত, কল্যাণ ও সফলতা দান করুন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির জন্য অভিভাবক, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।