মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):-
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে খনন করা ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপে’ গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি—বাপেক্স।
কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। এই পরীক্ষা শেষ হলে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং কতটুকু গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব হবে, তা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।
বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সুন্দলপুর-৪ কূপটির খননকাজ শুরু হয়। দিকনির্দেশনামূলক (directional) পদ্ধতিতে কূপটি প্রায় ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডিএসটি পরীক্ষার ফলাফল বিশ্লেষণের পর কূপটির উৎপাদন সক্ষমতা ও জাতীয় গ্রিডে সংযুক্তির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।