মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীসহ নির্ধারিত অভয়াশ্রম এলাকায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে মোট ২২ দিন নির্ধারণ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে ৭ অক্টোবর মধ্যরাত থেকে।
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী ইলিশের অভয়াশ্রমের আওতায় রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে নদী ও উপকূলীয় এলাকায় জেলেদের সচেতন করতে মাইকিং, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে আইন অমান্য করে কেউ নদীতে মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে নিষেধাজ্ঞাকালে জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, নির্ধারিত জেলে পরিবারগুলোকে ২৫ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা রয়েছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা কার্যকর করা জরুরি। এ সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখা গেলে ইলিশের উৎপাদন ও ভবিষ্যৎ মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।