মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পরিচিতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রামগতি উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর ইউনিটের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ‘আগাম পদক্ষেপ এবং ঘূর্ণিঝড় বিষয়ক জাতীয় আগাম পদক্ষেপ প্রটোকল (NEAP)’ বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর দ্রুত ও সমন্বিতভাবে কী ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়ে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হিসেবে রামগতি ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই দুর্যোগ আঘাত হানার আগেই পূর্বাভাস অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট দপ্তর ও স্বেচ্ছাসেবীদের মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।
তারা আরও বলেন, জাতীয় আগাম পদক্ষেপ প্রটোকল (NEAP) অনুযায়ী পরিকল্পিতভাবে আগাম ব্যবস্থা গ্রহণ করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কর্মশালায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি চিহ্নিতকরণ, তথ্য আদান-প্রদান, উদ্ধার ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।