শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
‘উচ্চশিক্ষার রূপরেখা: স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের ব্যবস্থাপনায় এবং ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। কলেজটিতে প্রথমবারের মতো আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক এ সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এতে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা।
সেমিনারে বক্তব্য দেন কলেজের প্রভাষক তহুরা বেগম ও প্রভাষক শামীমা আক্তার, ইউসাসের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরাজ আল মাহমুদ, ইনসের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহসিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল বাসিত এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়দা জুলি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আরও সচেতন হবে। পাশাপাশি নিজেদের লক্ষ্য নির্ধারণ, সঠিক পরিকল্পনা গ্রহণ এবং স্বপ্ন পূরণে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।
তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ গঠনে আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।