কাউছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও শুকছড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতীকে দেখতে হাসপাতালে গেছেন সংগঠনটির জাতীয় নেতৃবৃন্দ। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এই ধর্মীয় ব্যক্তিত্বের শয্যাপাশে যান তাঁরা।
এ সময় নেতৃবৃন্দ তাঁর পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। পরে তাঁর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। একই সঙ্গে তাঁর আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁরা।
এদিকে, একই দিনে আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতীর ভাই হযরতুলহাজ শাহসূফী আলহাজ ছৈয়দ মুহাম্মদ নঈমুল হক চিশতীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এস ফরিদ উদ্দীন ও মুহাম্মদ ইব্রাহীম আখতারী, চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম ও আলহাজ মোহাম্মদ আলম রাজু, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতীর ছেলে মাওলানা ছৈয়দ মউসুল হক চিশতী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এম আহমদ রেজা ও মুহাম্মদ তারেক বিন আহমদসহ অন্য নেতৃবৃন্দ।