কাউছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্যতম খাদেম মরহুম মাওলানা সাদেক ফারুকী (রহ.)-এর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বাদ এশা মরহুমের নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামচরি কেরামতিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, রামগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা খালেদ ফারুকী, রামগঞ্জ ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম রব্বানী কাঞ্চনপুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ডা. ফরিদুল আলম, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রামগঞ্জ দক্ষিণ বাজার দারুর রহমত জামে মসজিদের ইমাম হাফেজ ইমাম হোসাইন সোহেল।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কাউছার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শেখ ফরিদ এবং রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ রিপন হোসাইনসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গ।
মাহফিলে বক্তারা মরহুম মাওলানা সাদেক ফারুকী (রহ.)-এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, ইসলামের সঠিক পথ ও আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ প্রচার-প্রসারে মরহুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দ্বীনি খেদমত ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মরহুমের ছেলে মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী তাঁর বক্তব্যে বলেন, “আমার বাবা মরহুম মাওলানা সাদেক ফারুকী (রহ.) যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের ওপর অবিচল থেকে আমিও যেন দ্বীন ও মাজহাবের খেদমত করে যেতে পারি—এ জন্য সবার কাছে দোয়া চাই।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাধ্যক্ষের অনুমতিক্রমে মরহুমের ছেলে মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী তাঁর বাবার রুহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।