মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোঃ ইউসুফ মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে ২০২৬) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দাবাগ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত তিতন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও প্রবাসী বন্ধুদের সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ইউসুফ মিয়া। তিনি রিয়াদের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
শনিবার কর্মস্থলের দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইউসুফ মিয়ার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি মা ও স্ত্রী রেখে গেছেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।