লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে অবস্থিত সতী বিলে আজ সোমবার (১৫ জুন ২০২৬) দুপুরে পৃথক দুটি পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ২০ টি নিষিদ্ধ ঘোষিত অবৈধ চায়না দুয়ারী জাল (প্রায় ১,১০০০ মিটার) কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়াও মাছের স্বাভাবিক চলাচল ও পানির প্রবাহে বাধা সৃষ্টি করায় একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ্।
অভিযানে হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ও চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।