লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। এ সময় এক জাল বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১০ আগস্ট ২০২৬) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, হাতীবান্ধার উদ্যোগে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের কারবালা দীঘি বাজারে একটি দোকান ও বিক্রেতার বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ২৫ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করা হয় এবং জাল বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় এলাকায় সানিয়াজান নদীতে অভিযান চালিয়ে ১২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৪০০ মিটার।
অভিযান শেষে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ, হাতীবান্ধা থানা পুলিশের একটি দলসহ সংশ্লিষ্টরা।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।