
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ হামলাকারীরা। এ সময় তাঁর গড়ে তোলা আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম রেজা, যিনি জাহাঙ্গীর নামেও পরিচিত, স্থানীয় বাসিন্দা। তিনি পড়াশোনা শেষে শিক্ষকতা করতেন বলে জানা গেছে। পরবর্তীতে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম রেজার একটি পুরনো ভিডিও সম্প্রতি আবার ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
শনিবার দুপুরে উত্তেজিত হামলাকারীরা তাঁর আস্তানায় হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একপর্যায়ে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা আস্তানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কারা এবং কীভাবে পুরনো ভিডিওটি নতুন করে ছড়িয়ে দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি কিছুদিন কারাভোগ করেন।