ঢাকার মিরপুরে শাহ আলীর মাজারে হামলার অভিযোগে করা মামলায় তিন আসামিকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।
প্রসিকিউশন পুলিশের এসআই গৌতম সরকার রিমান্ডের তথ্যের কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা হয়। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মারধর শুরু করে। এ ঘটনায় রেসমি বেগম নামে এক নারী শনিবার মামলা করেন।
মামলার পর রাত সাড়ে ৯ টার দিকে শাহ আলী থানার উত্তর বিশিল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার পরিদর্শক তারিকুর রহমান।
আসামিদের পক্ষে মো. কামাল উদ্দিন রিমান্ড বাতিল করে জামিন চান।
তিনি বলেন,”আসামিরা ঘটনার সঙ্গে জড়িত না। অযথা হয়রানি করার জন্য মিথ্যা, বানোয়াট মামলা করে তাদের গ্রেপ্তার করেছে।
এজাহারে অভিযোগ করা হয়, গত বৃহস্পতিবার রাতে ‘মাজার জিয়ারত ও মানতের’ সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মাজারে ঢুকে হামলা চালায়।
বাদীর অভিযোগ, জামায়াতে ইসলামীর সহযোগী ও অঙ্গসংগঠনের একশ থেকে দেড়শ সদস্য ‘পরিকল্পিতভাবে’ মাজারে হামলা চালায়। যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে এজাহারে।