লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত ও মানসম্মত পাঠদানের অঙ্গীকার নিয়ে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। তাঁর নেতৃত্বে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টির পুরোনো গ্লানি অনেকটাই মুছে গেছে।
বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন শিক্ষকরা। পাশাপাশি পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত তদারকির কারণে বিদ্যালয়টি উপজেলার অন্য অনেক বিদ্যালয়ের তুলনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
রোববার সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি দেখা যায়। এতে বিদ্যালয়ের বর্তমান শিক্ষাবান্ধব পরিবেশ ও পাঠদানের কার্যক্রমের বাস্তব চিত্র ফুটে ওঠে।
এ সময় সহকারী শিক্ষক জ্যোতি রানি ও আজিজুল বারী জানান, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় বিদ্যালয়ের আগের গ্লানি মুছে ফেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন উদ্যমে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পাঠদানের মান আরও উন্নত করতে তাঁরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের এই পরিবর্তনে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতে মানসম্মত প্রাথমিক শিক্ষার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।