লালমনিরহাটের হাতীবান্ধায় নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়ক রবিউল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী আলতাব হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ সাঈদ ইমরানসহ অনেকে।
আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে ধারণা দিতে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়।