
মোঃ নাজমুল হুদা হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্টিয়ারিং ধরেই থেমে গেল এক তরুণের জীবন। মোঃ মোরসালিন (২১) নামে ওই যুবক বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় আকস্মিক মৃত্যুবরণ করেন।
রবিবার (আজ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোরসালিন উপজেলার সিংগিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীন (বাচ্চু)’র তৃতীয় পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, মোরসালিন প্রতিদিনের মতো সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হন। পরে হাতীবান্ধা অডিটোরিয়াম হল থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে একটি হোন্ডা শোরুমের সামনে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি অটো থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।