লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৩০ জুন) লক্ষ্মীপুর সার্কেলের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপারের (সার্কেল এসপি) সৌজন্য সফর ও শিক্ষার্থীদের নিয়ে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মানজুর আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকাসক্তি প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ, কিশোর অপরাধ, সড়ক নিরাপত্তা এবং নৈতিক মূল্যবোধ বিষয়ে গুরুত্বপূর্ণ ও সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের আইন মেনে চলা, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার, মাদকমুক্ত জীবন গঠন এবং দেশপ্রেম ও নৈতিকতার আদর্শে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তব্য শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা এ ধরনের সচেতনতামূলক আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে অভিমত ব্যক্ত করেন।