মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, প্রয়াত শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে দুইটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রামগতি পৌরসভা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। পরে মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শফিউল বারী বাবু ছিলেন ত্যাগী, আদর্শবান ও জননন্দিত রাজনৈতিক সংগঠক। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আজও অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানটি মাননীয় সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন এমপির সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এ সময় স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুম শফিউল বারী বাবুর রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
কর্মসূচির মাধ্যমে এতিম শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার প্রসারে সহায়তা প্রদান এবং মরহুম নেতার স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।