আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি আন্দোলন ও সৌদি-সমর্থিত পক্ষের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে হুথিরা কার্যত যুদ্ধবিরতি সমাপ্তির ঘোষণা দিয়েছে।
হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, তেহরান থেকে একটি ইরানি বেসামরিক বিমান সানায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, বিমানটিতে সাধারণ যাত্রী, প্রতিনিধি দল এবং চিকিৎসার প্রয়োজন থাকা কয়েকজন রোগী ছিলেন। এ সময় বিমানটি অবতরণ ঠেকাতে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলা চালানো হয়। হামলার ফলে রানওয়ে ক্ষতিগ্রস্ত হলে বিমানটি দিক পরিবর্তন করে হোদেইদাহ বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হুথিরা ইয়েমেনের জাতীয় বিমান চলাচলে বাধা দিয়ে একটি ইরানি বিমানকে দেশটির আকাশসীমা ব্যবহার করে সানায় অবতরণের সুযোগ দিচ্ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসেবে রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।
এ ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি। তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, এই হামলার মাধ্যমে সব ধরনের যুদ্ধবিরতির অবসান ঘটেছে এবং এর জবাব দেওয়া হবে। তিনি হামলার পরিণতির জন্য সৌদি আরবকে দায়ী করেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা ইয়েমেন সংকটকে নতুন করে উসকে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।