পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের কমলনগর ও রামগতি উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন।
উপজেলার বিভিন্ন শিক্ষা কেন্দ্র ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণের পাশাপাশি তারা শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সংরক্ষণ, গাছের পরিচর্যা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
এ সময় উপস্থিত শিক্ষকরা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যা করা।
স্থানীয়ভাবে কর্মসূচিটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রামগতি উপজেলার মডেল শিক্ষক এবং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতি, রামগতি উপজেলার সভাপতি মাওলানা মুফতি আসাদুজ্জামান আল কাদেরী। তিনি কেন্দ্র শিক্ষকদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।