হাফেজ মাও মোঃ মাকছুদের রহমান (মান্নান), নিজস্ব প্রতিবেদকঃ-
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রামনগরে অবস্থিত জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা নীরবে গড়ে তুলছে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা। মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী, পরিচ্ছন্ন পরিবেশ এবং সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এলাকাবাসীসহ শিক্ষা-সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি যেন শিল্পীর তুলিতে আঁকা এক মনোরম শিক্ষাঙ্গন।
মাদ্রাসা প্রাঙ্গণেই অবস্থিত দৃষ্টিনন্দন ‘খাতন-এ-জান্নাত’ জামে মসজিদ, যা কেবল ইবাদতের স্থানই নয়; বরং ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ চর্চারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে চলেছে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি হুজুর কেবলা আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ-এর প্রতিষ্ঠিত একটি স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে দাখিল স্তর পর্যন্ত পাঠদান কার্যক্রম সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।
প্রতিষ্ঠার মাত্র তৃতীয় বছর থেকেই কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে মাদ্রাসাটি সাতক্ষীরা জেলার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করে। পরবর্তী সময়ে একাধিকবার খুলনা বিভাগের সেরা ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও স্থান করে নিয়ে শিক্ষা ক্ষেত্রে নিজের সক্ষমতার স্বাক্ষর রেখেছে।
প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী, দাতা সদস্য এবং অসংখ্য শিক্ষানুরাগী মানুষের আন্তরিক সহযোগিতা ও অবদান রয়েছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসাটি আজ একটি সুপরিচিত ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।
প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ তাআলার দরবারে এ শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের নেক প্রচেষ্টা কবুল হওয়ার জন্য দোয়া কামনা করা হয়েছে।