আবু নোমান, বিশেষ প্রতিনিধি:-
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে পরিচালিত অনুসন্ধান কার্যক্রমে এ সম্ভাবনাময় গ্যাসকূপের সন্ধান পাওয়া যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কূপটিতে টানা ৪৫ দিন খননকাজ পরিচালনার পর বর্তমানে ১৫ দিনের ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম চলবে। এই পরীক্ষা শেষে গ্যাসের প্রকৃত মজুদ, চাপ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, কূপটির খনন ও ডিএসটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের পর কূপটির বাণিজ্যিক উৎপাদন সক্ষমতা এবং মোট গ্যাসের মজুদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।