মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের গণিত বিভাগের উদ্যোগে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মো. ওমর হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মো. নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ শওকত আকবর ভূঁঞা, সহকারী অধ্যাপক কেশব লাল নাথ ও সহকারী অধ্যাপক মো. আজগর হোসেন।
পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভাগের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন ও উচ্চশিক্ষার সফলতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. নাজিম উদ্দিন বলেন, গণিত বিভাগ শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিভাগের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আরিফ হোসেন। সার্বিক পরিচালনায় ছিলেন হৃদয় চন্দ্র দাস। সহযোগিতায় ছিলেন অপরাজিতা বণিক, অর্নি সাহা, জয়শ্রী দাস, তানিয়া নুর পল্লব, আবুল হাশেম, শরিফুল ইসলাম সুফল, মো. রাশেদ হোসাইনসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, চলতি বছর গণিত বিভাগ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী বিদায় নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৮ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী।