সৌদি আরবজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে আল আয়াত গ্রুপ অব কোম্পানিজ।
এ উপলক্ষে জেদ্দায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত গরমে কর্মীদের স্বাস্থ্যঝুঁকি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কোম্পানির চেয়ারম্যান আইকে উজ্জ্বল এবং জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মিলন বলেন, কর্মীদের সুস্থতা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ অগ্রাধিকার। তারা সৌদি আরবের প্রচলিত শ্রম আইন অনুযায়ী মধ্যাহ্নকালীন বিশ্রাম নিশ্চিত করা, পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় পানি ও ওআরএস সরবরাহ, নিয়মিত স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তাপজনিত অসুস্থতা প্রতিরোধে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, তীব্র গরমে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি কর্মীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলা, পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত গরমে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, এমন মানবিক উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য, মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।