লক্ষ্মীপুরে কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), এমপি।
সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. রাহাত উজ জামান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক ও নৌপথে নিরাপত্তা জোরদার, বাজার তদারকি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনগণের সেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।