মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:-
লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী উপজেলা পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মো. শহীদ উদ্দীন চৌধুরী অ্যানী (এমপি)।
উদ্বোধনী অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু, মঞ্চ ও সার্বিক আয়োজন পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যাথোয়াই প্রু মারমা এবং নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিলুফা ইয়াসমিন নিপা। তারা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারকেলের চারা, চারা বাঁধার খুঁটি ও সার বিতরণ করা হবে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এসব উপকরণ গ্রহণের জন্যও নির্দেশক্রমে আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। ভূমি, প্রশাসন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি সেবা আরও দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন উপজেলার যাত্রা এ অঞ্চলের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।