পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানজুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের উদ্দেশ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি গাছ হাজারো আশার বাতি।” তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে প্রত্যেকেরই বেশি বেশি গাছ লাগানো এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচির শেষে শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “আসুন, সবাই গাছ লাগাই, পরিবেশ সংরক্ষণ করি।”