পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুর কলেজিয়েট হাই স্কুলে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ জুন, মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন,সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক মোঃ মনছুরুল হক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিক্ষাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যা করে, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচঞ্চল হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের আরও সচেতন ও দায়িত্বশীল করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।