মনজুর হোসেন, মদিনা, সৌদি আরব রিপোর্টার:-
সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুহা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। নিহতরা সবাই পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেহরা জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতরা হলেন—মুহাম্মদ সাঈদ, আবিদ হুসাইন, আবদুল রহমান, মুহাম্মদ সাফির এবং মুহাম্মদ রুস্তম।
ঘটনার পর রিয়াদে অবস্থিত পাকিস্তান দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস এক বিবৃতিতে জানায়, ঘটনাটির পর থেকে তাদের কর্মকর্তারা সৌদি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছেন।
দূতাবাস আরও জানায়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের সৌদি আরবে দাফন অথবা স্বজনদের ইচ্ছা অনুযায়ী তাদের মরদেহ পাকিস্তানে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ মর্মান্তিক ঘটনায় সৌদি আরবে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ ও বিস্ফোরণের বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।