মোঃ খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:-
হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপ-এর উদ্যোগে আগুনে দগ্ধ অসহায় দীপ্তি রানী রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্বচ্ছতা গ্রুপের ১০৭তম মানবিক কার্যক্রমে অতিথিবৃন্দ, সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এবং সদস্য শেখ ইমন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ টেনু, চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট রুহি রায়, শরীফুল ইসলাম খান, সাবেক মেম্বার অজিত কুমার রায়, ডা. জীবন রায়, মো. রেনু মিয়া, মো. আলমগীর কবির এবং সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু।
এ সময় স্বচ্ছতা গ্রুপের সদস্য আল আমিন ইসলাম, সাব্বির হাসান সাগর, সামছু উদ্দিন, আব্বাস ভূঁইয়া, অর্জুন পাল, চন্দন কর্মকারসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ালে চিকিৎসাসেবাবঞ্চিত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা অনেক সহজ হবে। তারা জানান, ২০১৮ সাল থেকে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ আরও ব্যাপক পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।