মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে লক্ষ্মীপুরের রাস্তার হাট হাজী আবদুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিল— “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।” এতে বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উভয় দলই তথ্যসমৃদ্ধ যুক্তি, সাবলীল বক্তব্য এবং অনিন্দ্যসুন্দর উপস্থাপনার মাধ্যমে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো. আবদুজ জাহের। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষা ও একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন হয়ে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মো. আবদুল কাদের, বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মো. কবির হোসেন ও মো. বাবর হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মো. নুর মোহাম্মদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মো. রায়হান উদ্দিন।
বিচারকরা বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও বক্তব্য উপস্থাপনার দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।