মো. মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
প্রধান আলোচক পীরে কামেল শাহ সুফি আলহাজ মাওলানা হাফেজ আবদুল কাদের; দেশজুড়ে ওলামা-মাশায়েখের মিলনমেলার প্রস্তুতি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী খানকায়ে ছালাম আবাদ শরীফ-এর উদ্যোগে আগামী ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) তিন দিনব্যাপী ১ম তালিমের মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম ৯ সেপ্টেম্বর বুধবার বাদ আছর শুরু হবে এবং ১২ সেপ্টেম্বর শনিবার বাদ ফজর আখেরি মুনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটবে, ইনশাআল্লাহ।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নোয়াখালীর দারুস সালাম দরবার শরীফ-এর পীর সাহেব কেবলা, বিশিষ্ট পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাফেজ আবদুল কাদের। আয়োজকদের তথ্য অনুযায়ী, তিনি তরিকায়ে আহমদিয়ার বর্তমান প্রধান খলিফা। এ আধ্যাত্মিক সিলসিলা ভারতের ফুরফুরা শরীফের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দীক (রা.)-এর ধারার সঙ্গে সম্পৃক্ত এবং চাঁদপুরের শেখ বোরহান উদ্দীন (রহ.) ও তাঁর প্রধান খলিফা আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সাইফুল মালেক সাহেবের মাধ্যমে এ অঞ্চলে বিস্তার লাভ করে। বর্তমানে জামালপুরের সালাম আবাদ শরীফ থেকে নোয়াখালীর দারুস সালাম দরবার শরীফ পর্যন্ত এ সিলসিলার দ্বীনি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, নোয়াখালীর দারুস সালাম দরবার শরীফ এবং লক্ষ্মীপুরের রামগতিস্থ খানকায়ে ছালাম আবাদ শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা হাফেজ আবদুল কাদের পীর সাহেব। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কৃতী সন্তান হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক তালিম, তাসাউফ, আত্মশুদ্ধি ও নৈতিক জীবন গঠনের শিক্ষা দিয়ে আসছেন। তিনি অসংখ্য আলেম, হাফেজ ও দ্বীনি শিক্ষার্থীর শিক্ষক হিসেবে সুপরিচিত। দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত ইসলামী মাহফিল, তালিম ও ধর্মীয় সমাবেশে তিনি কুরআন-সুন্নাহ, সিরাতে রাসূল (সা.), ইশকে রাসূল (সা.), মানবিক মূল্যবোধ, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামের শান্তির বাণী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন।
মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বরেণ্য ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম ও ইসলামী চিন্তাবিদদের অংশগ্রহণের কথা রয়েছে। তাঁরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, কুরআন-সুন্নাহর শিক্ষা, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক জীবন গঠন এবং নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
খানকায়ে ছালাম আবাদ শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, এ তালিমের মাহফিলের মাধ্যমে দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক পরিশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ এবং মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর আদর্শ সমাজে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা দেশ-বিদেশের আশিকানে রাসূল (সা.), মুরিদান, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে দলে দলে মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি তালিম গ্রহণ, দোয়া এবং ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন।
স্থান: খানকায়ে ছালাম আবাদ শরীফ, রামগতি, লক্ষ্মীপুর।