মো. রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরী বাজার আইডিয়াল স্কুলে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীর সাহেব শাহ ফয়সাল (রামগতি দায়রা)। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ডা. জমির আলী সাব্ব, কোষাধ্যক্ষ ডা. জাকের হোসেন বাবলু এবং সহ-সভাপতি নুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. ফজলুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, নিয়মিত অধ্যয়ন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানের লেখাপড়া ও সার্বিক বিকাশে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং সকল শিক্ষার্থীকে আগামী পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আন্তরিকভাবে পড়াশোনা করার আহ্বান জানানো হয়।