মো. মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা কমিটি।
শনিবার (১ আগস্ট) রাউজান উপজেলার ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সরকারের সবুজায়ন কর্মসূচিকে বেগবান করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
কর্মসূচি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুপ চন্দ। সভা পরিচালনা করেন জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিবস বড়ুয়া, সংগঠনের কার্যকরী সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুপণ বিশ্বাস, সাংবাদিক মিলন বৈদ্য শুভ, সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না, পূর্ব আবুরখীল তালুকদারপাড়া সার্বজনীন শ্মশান সংস্কার ও পল্লী উন্নয়ন কমিটির সহ-সম্পাদক সিপলু বড়ুয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, দপ্তর সম্পাদক জনি বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া ও আশু বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদক স্বপন বড়ুয়া, কার্যকরী সদস্য রুবেল বড়ুয়া টিপুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ আজ নানা সংকটের মুখোমুখি। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, বনায়ন সম্প্রসারণ এবং বিদ্যমান বৃক্ষ সংরক্ষণের বিকল্প নেই। তারা বলেন, একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, কেবল চারা রোপণ করাই যথেষ্ট নয়; প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শেষে আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।