আবু নোমান, বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, লক্ষ্মীপুরের কৃতি সন্তান মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে রামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বাদ আসর রামগঞ্জ উপজেলার ডাকবাংলা মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করে রামগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স ও সহযোগী অঙ্গসংগঠনসমূহ। অনুষ্ঠানে মরহুম শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মরহুম শফিউল বারী বাবুর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শফিউল বারী বাবু ছিলেন একজন দক্ষ সংগঠক ও জনমুখী নেতা, যিনি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
অনুষ্ঠানের সৌজন্যে ছিলেন মো. আবু বকর সিদ্দিক সজিব, শফিকুল ইসলাম সুমন ভূঁইয়া, মো. সজিব হায়দার বাবু, মো. মামুন হোসেন ও মো. সুমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি তোফাজ্জল হোসেন এবং জিয়া সাইবার ফোর্স লক্ষ্মীপুর শাখার সভাপতি মো. ওসমান গনি।
দোয়া ও মোনাজাত শেষে মরহুম শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।